
দেশে ডলারের তীব্র সংকট সৃষ্টি হয়েছে, লাগামহীন বাড়ছে দাম। কমছে টাকার মানও। নানা পদক্ষেপ নিয়েও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। বেঁধে দেওয়া দামের চেয়ে ৫ থেকে ৬ টাকা বেশিতে বিক্রি করছে ব্যাংকগুলো। একইসঙ্গে খোলা বাজারে খুচরা ডলারের দামও বেড়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুণতে হচ্ছে ১১৬ টাকা ৫০ পয়সা থেকে ১১৭ টাকা। যেখানে গত সপ্তাহে এক ডলার ছিল ১১২ থেকে ১১৪ টাকা।
রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এক্সচেঞ্জ হাউজ ও ডলার কেনাবেচার সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। অর্থাৎ চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১১৭ টাকা পর্যন্ত।
মতিঝিল দিলকুশার এলাকায় খুচরা ডলার কেনা-বেচা করেন আব্দুল হাই। তার কাছে আজকের কেনাবেচার তথ্য জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আজকে ডলার ১১৬ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৭ টাকাও বিক্রি হয়েছে। গতকালও ১১৫ টাকা ছিল।
আজকে কেন হঠাৎ দাম বাড়লো?- জানতে চাইলে তিনি বলেন, এখন ডলার সংকট আবার চাহিদা বেশি। এছাড়া সব সময় বৃহস্পতিবার ডলার বাজার ঊর্ধ্বমুখী থাকে। তাই দাম একটু বেশি।
এদিকে বৈদেশিক মুদ্রার সংকট মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১০৯ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দামও সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা বেঁধে দেওয়া আছে। তবে নির্ধারিত দামে ব্যাংকগুলো ডলার বিক্রি করছে না বলে অভিযোগ করছেন আমদানিকারক ও উদ্যোক্তা ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন :