ক্ষমতায় গেলে সবাইকে ক্ষমা করে দেবেন ইমরান খান


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৭:২০ অপরাহ্ন /
ক্ষমতায় গেলে সবাইকে ক্ষমা করে দেবেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, যদি তার দল আরেকবার ক্ষমতায় আসে; তাহলে তিনি কোনো ‘রাজনৈতিক প্রতিশোধ’ নেবেন না। এর বদলে সবাইকে ক্ষমা করে দিয়ে পাকিস্তানের উন্নতির জন্য কাজ করবেন তিনি।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে যান পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আলী মুহাম্মদ খান। ওই সময় তাকে এ কথা জানান ইমরান খান।

আলী মুহাম্মদ খান আরও জানিয়েছেন, ইমরান খান তাকে বলেছেন, পাকিস্তানকে এগিয়ে নিতে হলে একটি ন্যায় ও সমন্বয়সাধন কমিটি গঠন খুবই গুরুত্বপূর্ণ।

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন আলী মুহাম্মদ খান। তিনি ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে লিখেছেন, “ক্ষমতায় আসার পর, আমরা কোনো রাজনৈতিক প্রতিশোধ নেব না। আমরা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেব, দেশ এবং জাতির উন্নয়নের জন্য।”

ইমরান খান কারাগার থেকে আরও বলেছেন, “আমাদের ন্যায় ও ক্ষমাশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে। তেহরিক-ই-ইনসাফ, ক্ষমতায় আসার পর, পাকিস্তানকে রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের দিকে নিয়ে যাবে। কোনো প্রতিশোধ নয়।”