সড়ক ও নৌ পথে চাদাঁবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে: নৌ মন্ত্রী


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন /
সড়ক ও নৌ পথে চাদাঁবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে: নৌ মন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। কেউ বাড়তি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের নৌ মন্ত্রী এসব কথা বলেন।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদযাত্রা গতবারের চেয়ে আরও স্বস্তির ও নিরাপদ হবে। যদিও কিছু স্থানে যান চলাচলে শৃঙ্খলার ঘাটতির মতো সমস্যা তৈরি হতে পারে। সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগের চেয়ে বেশি তৎপর থাকবে প্রশাসন।

সড়ক ও নৌপথে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়মিত নজরদারিতে রয়েছে এবং কোথাও অনিয়ম পাওয়া গেলে তা দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ টার্মিনাল প্রসঙ্গে নৌ মন্ত্রী বলেন, টার্মিনাল উন্নয়নে বিশ্বব্যাংকের একটি প্রকল্প থাকলেও সেটি বর্তমানে বন্ধ রয়েছে। তবে সরকারের নিজস্ব অর্থায়নে টার্মিনাল কার্যক্রম সচল রাখতে কিছু উন্নয়নকাজ চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএর পোর্ট ডিরেক্টর আরিফ উদ্দিন, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানসহ নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।