
আগামী বছরের ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে ‘বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬’। প্রদর্শনীটির আয়োজক বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) এবং ব্যবস্থাপনায় রয়েছে এক্সপোনেট এক্সিবিশন (প্রা:) লিমিটেড।
এই আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গুলশান ক্লাবের ল্যাম্বডা হলে অনুষ্ঠিত হয় ‘পর্দা উন্মোচন ও স্টল বুকিং উদ্বোধনী অনুষ্ঠান’।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলিয়া সভাপতি এমদাদ উর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. শফিউল আলম উজ্জ্বল।
এছাড়া এক্সপো আয়োজন কমিটির চেয়ারম্যান নিয়ামুল হক সায়েম, কমিটির সদস্যবৃন্দ ও এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকসহ শিল্প উদ্যোক্তা, প্রকৌশলী ও আমদানিকারকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক শফিউল আলম উজ্জ্বল সংগঠনের সদস্য ও অংশীদারদের ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় এক্সপোর প্রস্তুতি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

আয়োজন কমিটির চেয়ারম্যান নিয়ামুল হক সায়েম এবারের প্রদর্শনীর মূল বিষয় উপস্থাপন করেন— “উদ্ভাবনের মাধ্যমে নিরাপদ উল্লম্ব গতি নিশ্চিত করা ও জীবন রক্ষা।” তিনি বলেন, নগরায়নের সঙ্গে সঙ্গে আধুনিক ও নিরাপদ লিফট প্রযুক্তির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই প্রদর্শনী হবে সেই উদ্ভাবন ও প্রযুক্তি বিনিময়ের আন্তর্জাতিক মঞ্চ।
এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, ২০২৪ সালের প্রথম এক্সপোতে ৭৫টি দেশীয় প্রতিষ্ঠান, ২৫টি আন্তর্জাতিক ব্র্যান্ড ও সাত হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছিল। এবারের আয়োজন হবে আরও বৃহৎ ও আকর্ষণীয়। তিনি বলেন, “প্রথমবারের মতো অনলাইন স্টল বুকিং চালু করা হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে অংশগ্রহণকারীরা ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে স্টল বুক করতে পারবেন।”
তিনি আরও জানান, এবারের প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক, মানবজমিন, সমকাল, ইনকিলাব, এটিএন বাংলা, এটিএন নিউজ ও জাগো রেডিও, যারা এই আয়োজনের প্রচার ও প্রচারণায় সহযোগিতা করবে।
বেলিয়া সভাপতি এমদাদ উর রহমান বেলিয়া প্যাভিলিয়নের স্টল বুকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশের এলিভেটর শিল্প এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই এক্সপো হবে সেই অগ্রযাত্রার মাইলফলক।
আয়োজকদের মতে, বেলিয়া দ্বিতীয় আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬ বাংলাদেশের এলিভেটর শিল্পে নিরাপত্তা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন :