আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন /
আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে লরির ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। এ সময় ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে জয়নব বেগম (৫৫) নামে এক নারী নিহত হন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার কাছে প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে দাঁড়িয়ে থাকা লরিতে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর লরির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লরির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। মরদেহগুলো মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের তীব্রতায় লরি বা সিলিন্ডারের একটি অংশ ছিটকে পাশের এলাকায় গিয়ে জয়নব বেগমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।

জয়নবের মেয়ের ভাষ্য, তিনি জামগড়ায় দর্জির কাজ করেন। কয়েক দিন আগে তার মা তার বাসায় বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় তিনি দোকানের ভেতরে কাজ করছিলেন এবং তার মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় সিলিন্ডারের একটি অংশ এসে তার মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।News

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার সামনে থাকা একটি লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি কোম্পানির পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সময় সড়কে থাকা এক নারী ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।