জমে উঠেছে ঈদের কেনাকাটা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন /
জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদুল ফিতর উপলক্ষে শেষ মুহূর্তে বগুড়ার দুপচাঁচিয়ায় ঈদের বাজার জমে উঠেছে। নামিদামি শপিংমল থেকে শুরু করে ফুটপাত—সবখানেই বেচাকেনার ভিড়। পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন বিপণিবিতানগুলোতে। দেখে মনে হচ্ছে, মার্কেটজুড়েই লেগেছে ঈদের আমেজ।

পবিত্র মাহে রমজানের ১৮তম রোজা চলছে। ঈদের এখনো ১২ দিন বাকি থাকলেও উপজেলার বিভিন্ন মার্কেটে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কিছুদিনের মধ্যেই চাকরিজীবীরা ছুটবেন গ্রামের বাড়িতে। তাই বাড়ি যাওয়ার আগে অনেকেই শেষ করতে চাইছেন ঈদের কেনাকাটা।

শনিবার (৭ মার্চ) দুপচাঁচিয়ার নিউমার্কেট, জোবেদা সিটি মল, চেয়ারম্যান সুপারমার্কেট, ওবায়দুল মার্কেট, সুরজ আলী শপিং মল, সেন্ট্রাল প্লাজা, শপিং কমপ্লেক্স, আমজাদ মার্কেট ও লাকি প্লাজাসহ পৌর এলাকার বিভিন্ন অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণির মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকেই মার্কেট ও শপিংমলগুলোতে কেনাকাটার ব্যস্ততা শুরু হয়েছে। দেশি-বিদেশি নানা ডিজাইনের ঈদের পোশাকের সমাহার রয়েছে দোকানগুলোতে। জনপ্রিয় শপিংমলগুলোতে নানা ধরনের অফার ও ঈদ স্পেশাল কালেকশনও বিক্রি হচ্ছে।

পোশাকের দোকানগুলোতে পুরুষদের পাজামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, গেঞ্জি ও টি-শার্ট, নারীদের শাড়ি ও থ্রিপিস এবং শিশুদের জন্য পাজামা-পাঞ্জাবি, ফ্রক ও বিভিন্ন সেট পাওয়া যাচ্ছে। পাশাপাশি কসমেটিকস, জুতা, ঘর সাজানোর সামগ্রী ও গহনার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।