মুরাদনগরের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন /
মুরাদনগরের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

:: কুমিল্লা জেলা প্রতিনিধি ::

কুমিল্লা মুরাদনগরের বাড়িয়াকুড়ি টিটারের কান্দি একটি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। চোখের সামনে শত শত মাছ ভেসে উঠতে দেখে নিজেকে সামলাতে পারছেন না ভুক্তভোগী মাছ চাষি মহিউদ্দিন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাড়িয়াকুড়ি টিটারের কান্দি গ্রামে হাসান ফিশারিজ মালিক মহিউদ্দিনের পুকুরে অজ্ঞাতরা বিষ প্রয়োগ করে। শনিবার সকালে এক প্রতিবেশী ফোন করে তাকে জানান যে তার পুকুরের সব মাছ মরে গেছে। মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের অন্যান্য মাছ চাষিরাও। রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে দাবি মাছ চাষির। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।

অভিযোগ সূত্রে জানা যায়, মহিউদ্দিন বিদেশ থেকে দেশে ফিরে মাছ চাষ শুরু করেন। এক বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন মহিউদ্দিন। মৎস্য খামারটি স্বামী-স্ত্রী মিলে দেখাশোনা করেন এবং এই মাছ চাষ করে পরিবারের ভরণপোষণ চালাতেন তারা। প্রতিদিনের মতো শুক্রবার রাতে মৎস্য খামার থেকে বাড়ি চলে এলে পরদিন সকালে পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান তিনি। তার প্রজেক্টের পুকুরে কার্ফু, গ্লাস কার্প, সরপুঁটি, কাতল, রুই, ব্রিগেড, সিলভার কার্প, শিংসহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

মহিউদ্দিন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। সকালে পুকুরে মরা মাছ ভেসে উঠা দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। পূর্ব শত্রুতার জের ধরে এই ক্ষতি করেছে আমার। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করা হচ্ছে। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিলো। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। চাই প্রশাসন সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার করুক।

প্রতিবেশী রাশেদ বলেন, মানুষের মধ্যে শত্রুতা দেখেছি। কিন্তু মাছের সঙ্গে শত্রুতা করে এমন ঘটনা আমাদের এলাকায় প্রথম দেখলাম। কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। সকালে এসে দেখি পুকুরের মাছগুলো মরে ভেসে আছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।