সুন্দরবনের ২৫ কেজি ওজনের এক মাছের দাম ৬ লাখ টাকা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ন /
সুন্দরবনের ২৫ কেজি ওজনের এক মাছের দাম ৬ লাখ টাকা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন এলাকার মালঞ্চ নদী থেকে ২৫ কেজি ওজনের একটি জাভা ভোল মাছ পেয়েছেন জেলেরা। তারা মাছটির দাম হাঁকছেন ছয় লাখ টাকা। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মাছটির দাম উঠেছে পাঁচ লাখ ২০ হাজার টাকা। তবে সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত দাম না উঠায় মাছটি বিক্রি করতে নারাজ সংশ্লিষ্ট জেলেরা।

গত শনিবার (১০ ফেব্রুয়ারি) বনবিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান উপকূলের ৯ জন জেলে। রাতে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গী এলাকা থেকে ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে শুকুর আলীসহ সঙ্গীয় জেলেদের জালে।

মাছটির দাম পাঁচ লাখ ২০ হাজার বলেছেন শ্যামনগর থানার মুন্সীগঞ্জ এলাকার আবু মূসাসহ আরও কয়েকজন ব‍্যবসায়ী। কাঙ্ক্ষিত দামে মাছটি বিক্রি হলে ৯ জন জেলের মধ্যে টাকা ভাগাভাগি হবে বলে জানা গেছে।

বাবু নামে এক জেলে বলেন, জীবনে প্রথম এই মাছ পেয়েছি। মাছটি পেয়ে আমারা খুব খুশি হয়েছিলাম। কিন্তু মাছ ব‍্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সঠিক দাম উঠছে না। মাছটি কিনতে বাইরের ব্যবসায়ীদের আসতে দিচ্ছে না স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট। সেজন্য পাঁচ লাখ ২০ হাজার টাকার বেশি দাম উঠছে না। তবে আমরা চেষ্টায় রয়েছি বাইরের থেকে ব্যবসায়ীদের এনে মাছটি যাতে সঠিক দামে বিক্রি করতে পারি।

অপর জেলে শুকুর আলী বলেন, এই মাছের ফুলকার দাম অনেক বেশি। যার কারণে মাছটির দাম এত বেশি। মাছের ফুলকা দিয়ে ওষুধ তৈরি করা হয়। সাধারণত মাছটি ওষুধ কোম্পানি কিনে নেন মাছ ব্যবসায়ীদের কাছ থেকে। তাছাড়া চায়না, থাইল্যান্ডসহ অন্যান্য দেশে এই মাছের ফুলকা দিয়ে সুপ তৈরি হয়। সাধারণত এই মাছের ফুলকা ৮০০ গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে।