প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব জেসমিন নাহার


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন /
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব জেসমিন নাহার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই মন্ত্রণালয়ে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত মিজ জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। তার পরিচিতি নম্বর ৬৫৬৮।

জেসমিন নাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অনুবিভাগের অতিরিক্ত সচিব পদে এতোদিন দায়িত্ব পালন করে আসছেন।