
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, গাজী নজরুলকে আগেই বহিষ্কার করা হয়েছে। তাই মরিয়মের মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব সরকারের।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকা পোস্টকে বলেন, এটি গাজী নজরুলের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। গাজী নজরুল বর্তমানে জামায়াতের কেউ নন। ব্যক্তিগত কোনো ঘটনা বা অপরাধের তদন্ত সরকারের দায়িত্ব।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক দলের সদস্যদেরও সেখানে ডাকা হয়।
মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্প্রতি এক তরুণীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গাজী নজরুল জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুলকে বহিষ্কারের পর তার ব্যক্তিগত কোনো ঘটনা বা মৃত্যুর বিষয়ে দলীয়ভাবে মন্তব্য করার সুযোগ নেই।Islam
আপনার মতামত লিখুন :