
বহু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। পর্দায় তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের।
‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ ও ‘সিকান্দার বক্স’-এর মতো দর্শকপ্রিয় নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে দীর্ঘদিন এক পর্দায় অনুপস্থিত ছিলেন জনপ্রিয় এই দুই অভিনেতা। অবশেষে পাঁচ বছর পর আবারও জুটি বাঁধছেন তারা।
‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নামের নতুন একটি নাটকে দেখা যাবে মোশাররফ করিম ও ফারুক আহমেদকে।
নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন এই দুই তারকা।
নাটকের গল্পে বড় ভাই ফারুক আহমেদের উদ্ভট সব কর্মকাণ্ড নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই ঝগড়া বাধে। দুই ভাইয়ের এমন খুনসুটি আর দ্বন্দ্ব ঘিরেই এগিয়েছে নাটকের গল্প।
দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ফারুক আহমেদ। তার ভাষ্যে, অনেক দিন পর তারা দুজন মনের মতো একটি কাজ পেয়েছেন। আনন্দ নিয়েই নাটকটির শুটিং করেছেন। এ সময় সহশিল্পী মোশাররফ করিমের অভিনয়দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার একাগ্রতারও প্রশংসা করেন জ্যেষ্ঠ এই অভিনেতা।
জানা গেছে, সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে।
এতে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে। শিগগিরই এটি মুক্তি পাবে ইউটিউবে।
আপনার মতামত লিখুন :