
যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম, তার জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করা আবশ্যক। এমন ব্যক্তি বসে ফরজ নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না। তবে কেউ যদি অসুস্থতা বা অপারগতার কারণে দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে, তার জন্য বসে নামাজ আদায় করার সুযোগ রয়েছে।
ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) তাকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। দাঁড়িয়ে আদায় করতে না পারলে বসে নামাজ আদায় করবে, আর তাও না পারলে শুয়ে নামাজ আদায় করবে। (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)
অন্য হাদিসে জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একজন রোগী দেখতে গেলেন।
তিনি তাকে একটি বালিশের ওপর সিজদা করতে দেখলেন। তিনি তা (বালিশ) নিয়ে সরিয়ে রাখেন। অতঃপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার ওপর সিজদার জন্য। রাসুল (সা.) তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন, তুমি সক্ষম হলে জমিনের ওপর সিজদা করবে অন্যথায় ইশারা করবে। আর তোমার সিজদা রুকু থেকে বেশি ঝুঁকে আদায় করবে। (সুনানে বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস : ৩৪৮৪)
তাই কারো পক্ষে যদি দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব না হয় অথবা দাঁড়িয়ে নামাজ আদায় করতে অসহনীয় কষ্ট হয় বা শারীরিক ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য বসে ফরজ নামাজ আদায় করা জায়েয হবে।
তবে সামান্য কষ্ট বা নিছক ভয়ের কারণে ফরজ নামাজ বসে আদায় করলে নামাজ শুদ্ধ হবে না। একইভাবে গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে। শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পের কোনো একটি গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :